প্রেমের টানে ধর্মান্তর: ইসলাম ছেড়ে হিন্দু ধর্মে ফিরলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার


ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে কয়েক বছর পর পুনরায় নিজ ধর্মে ফিরে এসেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শামলি জেলার বাসিন্দা আয়ুষ মালিক।
এ ঘটনায় ধর্মীয় সম্প্রীতি ও আইনগত জটিলতা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রেমিকা চাঁদনি কুরেশি ও তাঁর বাবাকে ধর্মান্তর বিরোধী আইনে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
২০১৮ সালে চিকিৎসা করাতে গিয়ে ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে আয়ুষের পরিচয় হয়। পরবর্তীতে তাদের ঘনিষ্ঠতা গভীর সম্পর্কে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এই সম্পর্কের এক পর্যায়ে চাঁদনির পরিবারের চাপে আয়ুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হন।
২০২৩ সালে আয়ুষকে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হয় এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় ‘মহম্মদ আলি’। এরপর তিনি ইসলামের বিধান মেনে জীবনযাপন শুরু করেন।
দীর্ঘদিন অন্য ধর্মে জীবনযাপনের পর আয়ুষ সম্প্রতি নিজ ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে আয়ুষ বলেন, “আমি পরিবারের সদস্যদের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আবারও হিন্দু ধর্মে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।” হিন্দু ধর্মে ফিরে আসার পর তিনি পুনরায় সনাতন ধর্মের রীতিনীতি পালন শুরু করেছেন।
আয়ুষের বাবা দেবরাজ মালিকের অভিযোগ, তাদের পারিবারিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা থেকেই চাঁদনি ও তাঁর পরিবার আয়ুষের ওপর এই ধর্মান্তরের চাপ সৃষ্টি করেছিল।
এই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ ধর্মান্তর বিরোধী আইনের আওতায় চাঁদনি ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।




