কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় কমিউনিটি সেনসিটাইজেশন কর্মসূচি অনুষ্ঠিত


জাহিদ হাসানঃ কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর দক্ষিণখানে অনুষ্ঠিত হয়েছে একটি কমিউনিটি সেনসিটাইজেশন কর্মসূচি।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণখান মুক্তিযোদ্ধা রোডে অবস্থিত বাংলাদেশ নাজারীন মিশন (বিএনএম) কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাদিরা হক এবং দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, কিশোর-কিশোরীদের সুস্থভাবে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করা জরুরি। আগামীর প্রজন্মকে মেধাবী ও সুস্থ রাখতে পুষ্টিকর খাবার, শিক্ষা ও পারিবারিক সহায়তার বিকল্প নেই।
কর্মসূচিতে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কিশোর বয়সে স্বাস্থ্য সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে নানা জটিল রোগ প্রতিরোধ সম্ভব।
তাঁরা আরও বলেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য সুস্থ ও সচেতন কিশোর-কিশোরী গড়ে তোলা অপরিহার্য। এ লক্ষ্য অর্জনে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ‘GrowUp Smart’ শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়। এতে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা প্রদান এবং কিশোর-কিশোরী ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে উন্মুক্ত যোগাযোগের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।



