তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাচাই করছে পুলিশ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক (চাকরিচ্যুত) ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে যুক্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নৌ পুলিশের পাশাপাশি সংস্থাটি ছায়াতদন্ত শুরু করেছে। ইতিমধ্যে নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে প্রায় ৫০ গজ দূরে মাজারবস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা তাহসিফের কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তসংশ্লিষ্টরা।

নিখোঁজের আগে তাহসিফের সঙ্গে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে হেফাজতে নিয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা ঘটনার দিন কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং শেষ গতিবিধি কী ছিল—দীপের দেওয়া তথ্যগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিকানা নিশ্চিত হলে তাহসিফের নিখোঁজ হওয়া ও নদীর ঘাটে পৌঁছানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ক্লু মিলবে বলে আশা করা হচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার বাসা থেকে দীপের ডাকেই আলাদা মোটরসাইকেলে বের হন তাহসিফ। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। লাশ উদ্ধারের সময় হাতের ঘড়ি ও আইফোন দেখে স্বজনেরা পরিচয় শনাক্ত করেন। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না মিললেও নাক দিয়ে রক্ত পড়া এবং পেট ফোলা থাকার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, কে এম তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছিলেন। পরবর্তীতে তাঁকে বিমানবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তাঁর এই মৃত্যু হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—সে বিষয়ে ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পর স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button