রাস্তা ও ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অবৈধ দখলের পক্ষে যতই যুক্তি বা অজুহাত দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পরিচালিত দুটি উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অভিযানকালে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা সব অবৈধ দোকানপাট উচ্ছেদসহ মালামাল জব্দ করা হয়। ফলে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো এলাকা সম্পূর্ণ দখলমুক্ত করা সম্ভব হয়।

ডিএসসিসি প্রশাসক সতর্ক করে দিয়ে বলেন, একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার পরও যদি বারবার রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করা হয়, তবে নগরবাসীর স্বার্থে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে। এখন থেকে নিয়ম অমান্য করে বসলেই মালামাল জব্ধ করা হবে এবং প্রয়োজনে গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশের বাস্তুচ্যুত মানুষের দায়ভার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একা নিতে পারবে না। জনগণের চলাচলে ব্যাঘাত না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে, তবে বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। ঢাকাকে রক্ষায় এর কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button