স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ ও তাঁর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অপরাধে নুরনবী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত নুরনবী জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর বিছনোদই এলাকার আশরাফ আলীর ছেলে।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাবার শসা খেত দেখতে গিয়ে এক স্কুলছাত্রী মাঠে কাজ করতে থাকা নুরনবীর হাতে ধর্ষণের শিকার হন। নুরনবী মেয়েটিকে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ নুরনবীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেওয়া হলো।

রায়ে ধর্ষণের দায়ে নুরনবীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা ছাড়াও ভিডিও ধারণের অপরাধে পর্নোগ্রাফি আইনের দুটি পৃথক ধারায় যথাক্রমে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে দুই মাসের কারাদণ্ড) এবং দুই বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) দেওয়া হয়।

পর্নোগ্রাফি আইনের ধারায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামি মোবারক আলী ও বেলাল হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, বিজ্ঞ আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Related Articles

Back to top button