সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, লাশ পড়ে ছিল উঠানে

গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগে লাশ আটকে রেখে জানাজায় বাধা দিয়েছেন মেয়ে।

এতে করে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে বাড়ির উঠানে পড়ে ছিল নাজির উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ।

ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে। মৃত নাজির উদ্দিন পেশায় কৃষক ছিলেন। তাঁর এক ছেলে ইদ্রিস আলী (৪৮) ও এক মেয়ে হালিমা বেওয়া (৫০)। গত রোববার বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে নাজির উদ্দিনের মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০টায় মরহুমের জানাজার সময় নির্ধারণ করা হলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বাড়িতে উপস্থিত হন। কিন্তু জানাজার ঠিক আগ মুহূর্তে বাবার সম্পত্তি থেকে এক বিঘা জমি বুঝে পাওয়ার দাবি জানিয়ে বাধা দেন মেয়ে হালিমা বেওয়া।

মেয়ে হালিমার অভিযোগ, তাঁর বাবা জীবিত থাকা অবস্থায় তাঁর ভাই কৌশল করে সব জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং তাঁকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। নিজের পাওনা এক বিঘা জমি বুঝে না পাওয়া পর্যন্ত তিনি বাবার জানাজা ও দাফন হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

অন্যদিকে ছেলে ইদ্রিস আলীর দাবি, তাঁর বাবা স্বেচ্ছায় ও সজ্ঞানে জমি তাঁর নামে লিখে দিয়ে গেছেন, তাই এতে বোনের কোনো অংশ নেই।

জানাজায় অংশ নিতে আসা স্থানীয় গণমান্য ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে ভাই-বোনের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ফলে বিকেল ৩টা পর্যন্ত লাশের দাফন না হয়ে উঠানেই পড়ে থাকে।

এ বিষয়ে ধাপেরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক এস্তেখার হাসান জানান, ঘটনাটি নিয়ে এক ব্যক্তি মৌখিকভাবে তদন্তকেন্দ্রে এসেছিলেন। তবে পরবর্তীতে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Related Articles

Back to top button