রিয়াদের পর এবার দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হুথিদের হামলা


সৌদি আরবের রাজধানী রিয়াদে পর পর দুই দিন হামলার পর এবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
গত রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার পর এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা)।
এর আগে শনি ও রোববার টানা দুই দিন রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। রোববার রিয়াদ বিমানবন্দরের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। একই দিন দাম্মাম বিমানবন্দরেও হামলা চালানো হয়, তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো গাকা বা বিমানবন্দর কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দাম্মাম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী এবং আরব উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামো সমৃদ্ধ এই অঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে হুথি গোষ্ঠীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী বলেন, “সামনের দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও ভয়াবহ হামলা চালানো হবে। বিমান পরিষেবা সংস্থা, কর্মী এবং সাধারণ যাত্রীদের ভবিষ্যতের সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি জানান, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথি নিয়ন্ত্রিত এলাকায় ১২৪টি বিমান হামলা পরিচালনা করেছে। মূলত সেই হামলার জবাব দিতেই রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে পাল্টা আঘাত হানা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে




