অবৈধভাবে মজুত ৩৮১ বস্তা সার জব্দ, ২ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে এই সার জব্দ ও জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুবলিয়া বাজারের ‘আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ’-এ নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা এবং ১৩০ বস্তা সার জব্দ করা হয়। অন্য একটি অভিযানে ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউন থেকে অবৈধভাবে মজুত ২৫১ বস্তা সার জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী বুধবার সকাল থেকে জব্দ করা এসব সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এই প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button