নেপালে প্রবল বৃষ্টি ও বন্যা: বাংলাদেশি পর্যটকদের ভ্রমণে সতর্কতা দূতাবাসের

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়, অব্যাহত বৃষ্টি ও তুষারপাতের ফলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ মানাং অঞ্চলের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেকিং পয়েন্টে কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

পাশাপাশি পোখারা, মুস্তাং, জমসম এবং আশপাশের পার্বত্য এলাকায় ভ্রমণের ক্ষেত্রে গান্দাকি প্রদেশের সড়ক যোগাযোগের আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলে যেকোনো ভ্রমণ বা পর্বতারোহণের পরিকল্পনা বাস্তবায়নের আগে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা অনুসরণের নির্দেশ দিয়েছে দূতাবাস।

ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার এবং স্থানীয় ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে হালনাগাদ তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

Related Articles

Back to top button