বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর করার তাগিদ পার্বত্য মন্ত্রীর

বান্দরবানকে একটি পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় এটি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষা করা সহজ হবে। এ সময় বাসাবাড়ির পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি কাজের স্পষ্ট জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেন তিনি।

পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আগমন নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসন এবং স্থানীয়দের পর্যটকদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানান মন্ত্রী।

এছাড়া পার্বত্য অঞ্চলে পানির সংকট নিরসনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি, ঝিরি, নদী ও লেকের পানি সংরক্ষণের তাগিদ দেন তিনি। কৃষিতে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং বান্দরবানের মাটিতে কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনার কথা উল্লেখ করে কৃষকদের উৎসাহিত করার নির্দেশ দেন পার্বত্য মন্ত্রী।

বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, প্রেস ক্লাব সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button