দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ মন্ত্রীর


দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধিতার খাতিরে বিরোধিতা বা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতি করতে হবে। সরকারের ভুলত্রুটি ও সমাধানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল তাদের সব বক্তব্য সংসদে তুলে ধরলে দেশে সংসদীয় রাজনীতি আরও সুদৃঢ় হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন ও নীতিগত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবুসহ স্থানীয় ও পৌর বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




