মানুষের স্বার্থেই উন্নয়নের কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক


মানুষের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সরকার অত্যন্ত দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে নানামুখী উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। নন্দীপাড়া ও আশপাশের এলাকার ড্রেনেজ এবং রাস্তাঘাটের সমস্যা সমাধানে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।
এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও জোরদার করতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থাকা জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বিরোধী দলগুলোর কর্মসূচি যেন উন্নয়নকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।




