এআই দিয়ে নারী সেনা সদস্য সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এবং নারী কণ্ঠ নকল করে এক ইতালি প্রবাসীর সাথে প্রেম ও প্রতারণার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা জেলা। ভুক্তভোগী প্রবাসীর কাছ থেকে বিভিন্ন কৌশলে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. এন. মোর্শেদ জানান, ফেসবুকে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে তৈরি এআই ছবি ও ভিডিও ব্যবহার করে ইতালি প্রবাসী শাহাদাত খানের (২২) সাথে পরিচয় জমায় টিটু। নারীসুলভ কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর অসুস্থতার নানা অজুহাত দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবার আদালতের দ্বারস্থ হলে তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পিবিআই। গ্রেপ্তারের পর তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

পিবিআই জানায়, আসামি টিটু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতেও আগের একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পিবিআইয়ের তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button