৭ দলের মতপার্থক্যে থমকে আছে হেফাজতের রাজনৈতিক জোট, নতুন লিয়াজোঁ কমিটি গঠন

কওমি ঘরানার সাতটি রাজনৈতিক দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে জোটের কাঠামো ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হলেও শীর্ষ নেতাদের মধ্যে মতপার্থক্য থাকায় চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে আপাতত আটকে গেছে হেফাজত নেতৃত্বাধীন কওমিভিত্তিক এই রাজনৈতিক জোটের ভবিষ্যৎ কার্যক্রম।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সাতটি ইসলামী দলের ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠক শেষে হেফাজতের নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন জানান, সাত দলের দেওয়া পৃথক প্রস্তাব পর্যালোচনা করে তৈরি করা খসড়া রূপরেখাটি প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়েছিল। মতপার্থক্য নিরসন ও ধারাবাহিক আলোচনা চালিয়ে যেতে মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ২১ সদস্যের (প্রতি দল থেকে ৩ জন) একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় এ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টি—এই সাতটি দলকে নিয়ে গত ১৬ জুলাই থেকে কওমি ঘরানার ঐক্যের এই প্রক্রিয়া শুরু হয়েছিল।

Related Articles

Back to top button