বৃষ্টি উপেক্ষা করে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলায় দর্শনার্থীদের ভিড়

বৃষ্টির কারণে রাজধানীর জনজীবনে স্থবিরতা দেখা দিলেও তেজগাঁওয়ের বিসিক ভবনে জমে উঠেছে চামড়া ও চামড়াজাত পণ্যমেলা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পছন্দের চামড়াজাত পণ্য দেখতে ও কিনতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান দর্শনার্থীরা।

তেজগাঁওয়ের বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এ মেলায় দেশীয় উদ্যোক্তারা জুতা, স্যান্ডেল, ব্যাগ, মানিব্যাগ, বেল্ট ও জ্যাকেটসহ নানা চামড়াজাত পণ্য প্রদর্শন করছেন। তবে মেলায় বড়দের পণ্যের সমাহার থাকলেও শিশুদের চামড়াজাত পণ্যের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিছু দর্শনার্থী। অন্যদিকে, কোরবানিঈদে কাঁচা চামড়ার দাম না পাওয়া সত্ত্বেও প্রক্রিয়াজাত পণ্যের অতিরিক্ত দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের জবাবে ব্যবসায়ীরা জানান, কেমিক্যালের উচ্চমূল্য ও সিন্ডিকেটের কারণেই পণ্যের উৎপাদন খরচ বেশি পড়ে।

মেলায় আসল ও নকল চামড়া চেনার উপায় নিয়ে ব্যবসায়ীরা জানান, প্রকৃত চামড়া ভাঁজ করলে খানিকটা কুঁচকে যায়, যা দেখে সহজেই আসল লেদার শনাক্ত করা সম্ভব; অন্যদিকে সিন্থেটিক লেদারে এমনটা হয় না।

বিসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত উদ্যোক্তাদের জন্য নির্ধারিত দৈনিক ফি-এর বিনিময়ে চামড়াজাত পণ্যের ৪৩টি এবং খাদ্যপণ্যের ৬টি সহ মোট ৪৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় চামড়া শিল্পের বিকাশ ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Related Articles

Back to top button