হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সহায়তা নিলেও সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি


আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা পেলেও তাদের সঙ্গে এখনই কোনো শর্তহীন সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকমের মধ্যস্থতায় সৌদি আরব হুথিদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছ থেকে সংগ্রহ করছে। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদির আগের শর্তে তারা অটল রয়েছে। সৌদি সূত্রের মতে, একটি পৃথক ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট পথ তৈরি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার কোনো সুযোগ নেই।
গত ফেব্রুয়ারিতে ইরান কেন্দ্রিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তারই প্রভাবে ইয়েমেনের হুথি ও সৌদির মধ্যে আবার সংঘাত শুরু হয়েছে। সম্প্রতি পবিত্র মক্কা নগরীতে হুথিদের ড্রোন হামলার চেষ্টার পর সৌদি আরব ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আবেদন জানিয়েছে। মূলত নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তেল পরিশোধনাগারগুলোকে হামলা থেকে রক্ষায় কাজ করছে রিয়াদ। এদিকে অন্যান্য মিত্র দেশগুলো সামরিক সহায়তার চেয়ে কূটনৈতিক উপায়ে এ উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে।




