গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ


রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (বিআইএনএসএস) আয়োজনে ‘মিথ্যা ও অপতথ্য : জাতীয় নিরাপত্তার ওপর হুমকি’ শীর্ষক নীতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা গুজব, অপতথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলায় সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের সমন্বিত প্রস্তুতি এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আধুনিক যুদ্ধ এখন আর কেবল সামরিক সংঘাত নয়; সাইবার হামলা ও পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে জনমত ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
সেমিনারে বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্ট ও সশস্ত্র বাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব ও অপপ্রচার থেকে মুক্ত রাখার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য শনাক্ত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।




