পবিত্র মক্কায় ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের ক্ষোভ ও নিন্দা

পবিত্র মক্কা মুকাররমাকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই নিন্দা জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, পবিত্র মক্কা ও মদিনা শরীফ বিশ্বের শতকোটি মুসলমানের ঈমানি কেন্দ্রবিন্দু ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা মুকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব। পবিত্র হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর যেকোনো দুঃসাহস ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম উসকানিমূলক পদক্ষেপ।

তারা আরও বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে মক্কা নগরীকে টেনে আনা একটি জঘন্য অপরাধ, যা বিশ্বের প্রতিটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে। এমন ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিবৃতিতে ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান সংগঠনের শীর্ষ নেতারা।

Related Articles

Back to top button