বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ


মান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং বাঘাবাড়ীসহ বিভিন্ন ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েলসহ মোট ১০টি পণ্য বাজার থেকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানায়।
নিয়মিত বাজার নজরদারির অংশ হিসেবে পরীক্ষা চালিয়ে বিএসটিআই জানতে পারে, বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের হাঁসের মাংস, তেহারি, কালা ভুনা, গরুর মাংস ও মাছের মসলায় নির্ধারিত সীমার চেয়ে বেশি ছাই (অ্যাশ) ও লবণের উপস্থিতি রয়েছে।
অন্যদিকে, বাঘাবাড়ী প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ী’ ঘিতে কোনো মিল্ক ফ্যাট না পেয়ে ক্ষতিকর পাম অয়েল ও বনস্পতির উপস্থিতি পেয়েছে সংস্থাটি। এ ছাড়া মানদণ্ডে ব্যর্থ হওয়া অন্য ব্র্যান্ডগুলো হলো—’অরুন বাঘাবাড়ী’ ঘি, ‘নিউ রাঁধুনী’ ঘি, ‘সিটি’ ঘি এবং ‘এলডার্স’ বাটার অয়েল।
বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, জনস্বাস্থ্য রক্ষায় নিম্নমানের এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের অনুরোধ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পণ্যে ভেজাল বা প্রতারণা দেখলে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯-এ অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।



