এবার ডোজটা একটু কড়া : জয়া আহসান

শহর থেকে গ্রাম, পাহাড় থেকে অট্টালিকার ছাদ—সবখানেই এখন বৃষ্টির রিমঝিম আলস্য। মেঘলা বিকেলে ভেজা বারান্দায় চায়ের কাপে চুমুক দিতে দিতেই মনে পড়ে কলকাতার কথা। সেখানেই এখন সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। বৃষ্টি আর ঘামে ভিজেই চলছে প্রচারের কাজ, যার কারণে কিছুটা ঠাণ্ডাও লেগেছে জয়ার। তবে অসুস্থতাকে সঙ্গী করেই সামলানোর চেষ্টা করছেন সব দায়িত্ব।
মুক্তির আগের দিন (৯ জুলাই) বিকাল পর্যন্ত হলের চূড়ান্ত তালিকা না পাওয়ায় মন খারাপের সুর জয়া ও নির্মাতা কৌশিক গাঙ্গুলির কণ্ঠে। এ সপ্তাহে হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার কারণেই এই হল জটিলতা তৈরি হয়েছে বলে জানান জয়া।
তবে এই অনিশ্চয়তার মাঝেও দর্শকের আগ্রহ জয়াকে মুগ্ধ করেছে। তিনি বলেন:
“দর্শক ভীষণ আগ্রহী। অস্থির হয়ে আছে ছবিটা দেখার জন্য। আগেরটা সবাই পছন্দ করেছিল, আর এবার ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে সবার আগ্রহ আরো বেড়ে গেছে। যেসব হলে চূড়ান্ত হয়েছে, সেগুলোতে অলরেডি সবগুলো শো হাউজফুল হয়ে গেছে। হলের পুরো তালিকা এলে তবেই তো দর্শক টিকিট সংগ্রহ করতে পারবে।”
তিন বছর পর ‘অর্ধাঙ্গিনী’দের ফেরার গল্পে নতুন কী থাকছে? রহস্যের হাসি হেসে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী বললেন—“একটাই কথা বলতে পারি, এবার ডোজটা একটু কড়া।”
সিনেমার গল্প নিয়ে কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিয়ে জয়া এক ‘ভয়ংকর’ ইঙ্গিত দিলেন, “ছবিতে কিছু জটিল ও স্পর্শকাতর মোড় আছে; আমি চাই, আমার কোনো শত্রুও যেন এরকম পরিস্থিতিতে না পড়ে।”
নির্মাতা কৌশিক গাঙ্গুলির সিনেমা দিয়েই ওপার বাংলায় নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছেন জয়া। ‘বিসর্জন’, ‘বিজয়া’ কিংবা ‘অর্ধাঙ্গিনী’র মতো ছবিগুলো তাকে নিয়ে গেছে মুগ্ধতার শীর্ষে। গুণী এই নির্মাতা সম্পর্কে জয়া বলেন:
“তিনি অত্যন্ত গুণী নির্মাতা ও অভিনেতা। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও অনন্য। আমার মনে হয়, চিত্রনাট্যে সম্পর্ক বিল্ডআপের ক্ষেত্রে পিএইচডির ওপরেও যদি কোনো ডিগ্রি থাকে, সেটার অধিকারী কৌশিক দা। তিন বছর পর মেঘনা (ছবিতে জয়ার চরিত্র) এখন এই শহরের মানুষ হয়ে উঠেছে, যেমনটা বাস্তবে আমিও হয়েছি।”
সিনেমায় জয়ার বিপরীতে সুমনের (কৌশিক সেন) বর্তমান ও প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি। চূর্ণী গাঙ্গুলিকে নিয়ে জয়া বলেন, “চূর্ণী দি অভিনয়ে অসাধারণ বটেই, তবে তিনি দুর্দান্ত একজন নির্মাতা। উনার সঙ্গে অভিনয় করতে পারাটাও বড় ব্যাপার।”
নতুন কী কাজ আসছে—এমন গৎবাঁধা প্রশ্নের জবাবে জয়া স্বভাবসুলভ চেনা উত্তরই দিলেন, “কথা তো চলছেই। বলার মতো অবস্থা হয়নি। আর এখন তো কাজের ব্যাপারে আগে থেকে বলা বারণ। সময় হলে নিশ্চয়ই জানাব।”
উল্লেখ্য, ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতে জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন ছাড়াও অভিনয় করেছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায় প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।



