স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার


নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের দিপু মিয়া (২২) ও একই গ্রামের রাকিব হাসান রুবেল (২৬)।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় অষ্টম শ্রেণির ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে চরমরজাল গ্রামে যায়। সেখান থেকে চার যুবক তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে আটকে রেখে গভীর রাত পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করে।
অভিযুক্তরা ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে রাত দুইটার দিকে বাড়ি ফিরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়।
এ ঘটনায় ২ আগস্ট (রোববার) ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন— রাকিব হাসান রুবেল, দিপু মিয়া, জসিম (২৪) ও আক্কা (২২)।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দিপু মিয়া ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




