বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন


বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষ লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন (Maersk Line)।
শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জানান, ডেনমার্কের খ্যাতনামা প্রতিষ্ঠান মারস্ক লাইন বাংলাদেশের উদীয়মান জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মারস্ককে জাহাজ নির্মাণের পাশাপাশি দেশের জাহাজ পুনর্ব্যবহার (Ship Recycling) শিল্পেও বিনিয়োগের আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, মারস্কের বিপুলসংখ্যক জাহাজের পরিবেশসম্মত পুনর্ব্যবহার এবং নতুন জাহাজ তৈরিতে বাংলাদেশ একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠতে পারে।
এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের ব্লু-ইকোনমি জোরদার হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান, কারিগরি দক্ষতা হস্তান্তর ও নতুন শিল্পায়নের পথ সুগম হবে। বৈঠকে উভয় দেশের দূতাবাস ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




