অ্যাপ হ্যাক করে ইউক্রেনে পারমাণবিক হামলার ভুয়া বার্তা পাঠাল রাশিয়া


ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে পারমাণবিক এবং রাসায়নিক হামলার ভুয়া বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে রাশিয়া। দেশটির সরকারি ‘এয়ার অ্যালার্ট’ অ্যাপ হ্যাক করে এই ভুয়া সতর্কতা পাঠানো হয়।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) অ্যাপটির নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ানরা ইউক্রেনীয়দের সতর্ক করে জানায় যে, সেখানে সম্মুখ লড়াই শুরু হবে এবং রাশিয়া তাদের হাইপারসনিক ‘ওরেশনিক’ মিসাইল মোতায়েন করেছে।
ঘটনার পর ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, অ্যাপটি শত্রুর নিয়ন্ত্রণে চলে গেছে এবং ইউক্রেনে রাসায়নিক বা পারমাণবিক বিকিরণের কোনো হুমকি নেই। ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এই সাইবার হামলার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে।
আলজাজিরা জানিয়েছে, আকাশ হামলার তাৎক্ষণিক আপডেট দেওয়ার জন্য ব্যবহৃত এই অ্যাপটি হ্যাক করা হলেও কিয়েভের জন্য নির্ধারিত অন্য অ্যাপগুলো স্বাভাবিকভাবে কাজ করছিল।
এদিকে এই ঘটনার পর সোমবার সকালে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিজস্ব মোবাইল অ্যাপটিও একটি ‘বিশাল সাইবার হামলার’ শিকার হয়েছে, যার ফলে সাধারণ মানুষের কাছে ভুয়া তথ্য চলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধ হিসেবেই রাশিয়ার এই অ্যাপটি হ্যাক করা হয়ে থাকতে পারে।
(সূত্র: আলজাজিরা)




