ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের ফলাফলে দ্বিগুণ ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল


ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে প্রথম ২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন।
ঘোষিত ২০টি কেন্দ্রের ফলাফলে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২৩ হাজার ৫৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯ হাজার ১৩৮ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টিসহ মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার।




