উত্তরায় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, ১২ নম্বর সেক্টরে দাফন


রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম হেলাল তার দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তারা তা উত্তরার বাসায় নিয়ে আসেন।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে জানানো হয়েছে, তাহসিফ সৌরির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ রয়েছে। এছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলেও সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা উল্লেখ করেছেন।




