টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশেই আন্তর্জাতিক মানের দক্ষ প্রকৌশলী তৈরি এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। এ সময় টেক্সটাইলকে দেশের প্রধান অর্থনৈতিক খাত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা গেলে একদিকে দেশীয় দক্ষ জনশক্তির সঠিক ব্যবহার হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।

সাক্ষাৎকালে দেশের টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে দেশীয় তুলার উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করার তাগিদ দেন রাষ্ট্রপতি। একই সাথে পাট, আনারসের পাতা, কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার নির্দেশ দেন।

অন্যদিকে, বুটেক্স প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক চিত্র তুলে ধরে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, ‘বিসিএস (টেক্সটাইল)’ ক্যাডার সৃষ্টি, বাজেট বৃদ্ধি এবং পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দের মতো বিভিন্ন দাবি উত্থাপন করেন। রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।

এছাড়া, আগামী বছরের মার্চ মাসে আয়োজিতব্য বুটেক্সের দ্বিতীয় সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণও গ্রহণ করেন রাষ্ট্রপতি।

Related Articles

Back to top button