বেলুচিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে পাকিস্তান সেনাবাহিনীর ২ পাইলট নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানি বিমান বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট নিহত হয়েছেন।


সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে কোয়েটার নাওয়ান কিলির কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃযোগাযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তান আর্মি এভিয়েশনের ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত পাইলটরা হলেন—প্রশিক্ষক পাইলট মেজর হাসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণরত পাইলট ক্যাপ্টেন আব্দুল সামাদ।

দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার প্রতি গভীর শোক প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

উল্লেখ্য, ‘মুশশাক’ মূলত পাকিস্তান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, যা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠান ‘পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স’ (PAC) তৈরি করে থাকে। আইএসপিআরের তথ্যানুযায়ী, এর আগে গত জুন মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার এবং একই মাসে মারদানে বিমান বাহিনীর আরও একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: জিও টিভি

Related Articles

Back to top button