সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার


তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সিলেটে কয়েকটি এআই ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সিলেট থেকে কার্যক্রম শুরু করে এই উদ্যোগ পর্যায়ক্রমে বিভাগের অন্য জেলাগুলোয় সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং ও আন্তর্জাতিক আইটি খাতের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়বে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে দেশের তরুণরা ভালো করছে উল্লেখ করে তিনি বলেন, অনেক তরুণ মাসেই শত শত থেকে হাজার হাজার ডলার পর্যন্ত আয় করছেন। এআই প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে আরও দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের যেসব দেশ টেকসইভাবে এগিয়েছে, তাদের মৌলিক বিনিয়োগের বড় ক্ষেত্র ছিল স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে এবং পর্যায়ক্রমে এ দুই খাতে বাজেট বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্যের কথা রয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা অর্জনের আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত জীবনে সততা ও দেশসেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইউম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসেরসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




