পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। এখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, চট্টগ্রামের পাহাড় ও হ্রদ এবং সিলেটের চা-বাগানের পাশাপাশি মানুষের উষ্ণ আতিথেয়তা রয়েছে। পর্যটন সম্ভাবনা কেবল সুপরিচিত গন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সরকারের লক্ষ্য হলো এসব বিচ্ছিন্ন সম্ভাবনাকে একটি সুপরিকল্পিত, টেকসই এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক আতিথেয়তা শিল্পে রূপান্তর করা।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পর্যটন খাতের বিকাশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ সহজতর করতে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এভিয়েশন খাতের বিষয়ে মন্ত্রী বলেন, বিমান চলাচলের সঙ্গে পর্যটন খাতের গভীর সম্পর্ক রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ মিশ্র বহর গঠনের কাজ চলছে। এছাড়া এয়ার কার্গো খাতের বিষয়ে ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি জানান, গত ১৭ জুলাই যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্র্যান্সপোর্টের মূল্যায়নে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর অর্জন করেছে।

যুক্তরাজ্যকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে পর্যটন মন্ত্রী আশা প্রকাশ করেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের মতোই পর্যটন খাতের উন্নয়নেও তারা পাশে থাকবে। অনুষ্ঠানে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাসহ পর্যটন বোর্ড, পর্যটন করপোরেশন ও বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button