সাবেক এমপি জাফর দম্পতির সম্পদের হিসাব তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ও তাঁর স্ত্রী শাহেদা বেগম এবং সাবেক সাব-রেজিস্ট্রার এস এম আবু তালেবের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের নথি অনুযায়ী, সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকার এবং তাঁর স্ত্রী শাহেদা বেগমের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শেষে এই অভিযোগের প্রেক্ষিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পদ বিবরণী দাখিলের পর তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদ, আয়-ব্যয় এবং সম্পদ অর্জনের উৎস যাচাই করা হবে।

অন্যদিকে, ভুয়া দলিল সৃজন করে সম্পত্তি আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সাব-রেজিস্ট্রার এস এম আবু তালেবের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক। কুমিল্লা ও টাঙ্গাইলের সম্পত্তি সংক্রান্ত ঘটনায় তাঁর বিরুদ্ধে ভুয়া দলিল তৈরির মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শেষে তাঁর সম্পদের হিসাব চেয়ে এই নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

Related Articles

Back to top button