ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা, বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলার নেতৃত্বে আসা প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। জিএসএফ হাইতি মিশনে ডিএমপির সোয়াট সদস্য ও বোম্ব টেকনিশিয়ান সরবরাহ করায় এবং কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্পিয়ার টিম’ গঠন করায় ডিএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় মার্কিন প্রতিনিধিদল। পাশাপাশি ভবিষ্যতেও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তারা।
জবাবে ডিএমপি কমিশনার সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট (বিডিইউ) ও কে-নাইন টিমের মতো বিশেষায়িত ইউনিট গঠন এবং বাংলাদেশে উগ্রবাদ দমনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বৈঠক শেষে মার্কিন প্রতিনিধিদল ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর সক্ষমতা ও প্রযুক্তিগত দিক সম্পর্কে অবহিত হন।
মার্কিন প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপমিশন প্রধান লোগান কলিন্স, সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা স্টুয়ার্ট সুলিভান এবং জ্যেষ্ঠ নিরাপত্তা তদন্ত কর্মকর্তা জাহিদ হাবিব। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার ও মোহাম্মদ ওসমান গণিসহ সোয়াট, বিডিইউ ও কে-নাইন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।




