বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হোসেন নামে এক পথচারী জানান, রাতে রিকশাযোগে যাওয়ার সময় রাস্তার মোড়ে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় ঢামেকে নিয়ে যান। পথচারীদের বরাতে জানা যায়, নিহতের দুটি পা ভাঙা এবং মাথার ডান পাশে আঘাতের চিহ্ন ছিল। তার পরনে ছিল কালো রঙের খাটো হাতা টি-শার্ট ও গাঢ় লাল রঙের ট্রাউজার।

তবে এটি দুর্ঘটনা, হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং নিহতের নাম-পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Related Articles

Back to top button