বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনা, পাশে দাঁড়ালেন হৃতিক


সন্তান জন্মদানের পর শারীরিক রূপ ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বডি শেমিংয়ের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
স্বামী ভিকি কৌশলের সঙ্গে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হওয়ার পর তাঁর চেহারা ও ওজন নিয়ে নেটপাড়ায় একশ্রেণির অনুরাগী কটূক্তি শুরু করে। তবে এমন কঠিন পরিস্থিতিতে ক্যাটরিনার পাশে এসে দাঁড়িয়েছেন ভক্তরা এবং নীরব সমর্থন জানিয়েছেন বলিউড তারকা হৃতিক রোশান।
ক্যাটরিনাকে করা বডি শেমিংয়ের কড়া জবাব দিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কনটেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন। তিনি লেখেন, ক্যাটরিনা একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রিয় তারকা; ফলে মাতৃত্বের পরিবর্তন কখনোই কারও ব্যর্থতা হতে পারে না। সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলা সেই পোস্টে লাইক দিয়ে ক্যাটরিনার প্রতি নিজের নীরব সমর্থন ও সম্মতি জানান হৃতিক রোশান। উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘বাং ব্যাং’ চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন।
গত বছরের নভেম্বরে এক পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর বর্তমানে রুপালি পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন ক্যাটরিনা। সন্তান লালন-পালন ও নিজের ব্যবসা নিয়েই এখন সময় কাটছে তাঁর। তাঁকে সর্বশেষ ‘মেরি ক্রিসমাস’ চলচ্চিত্রে দেখা গেছে।




