ডিবি-ডিজিএফআই পরিচয়ে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫


ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর জালালের মোড় নটরডেম কলেজের পেছনে অভিযান চালিয়ে অপহৃত মো. আব্দুস সামাদ (৩১) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার টহল দল জানতে পারে যে জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছে। অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শামীম ইসলাম সবুজ, আল-আমীন, পিয়াস মিয়া, ফারুক আহম্মেদ এবং দিদারুল ইসলাম।
উদ্ধার হওয়া আব্দুস সামাদ জানান, শুক্রবার সকালে চুরখাই এলাকা থেকে নিজেদের ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাঁকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে আসা হয়। পরে মাদকের মিথ্যা মামলা ও আদালতে চালান দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে মুক্তিপণ দাবি করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




