ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল, ৩ যুবলীগ কর্মী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিছিলকারীদের ধাওয়া দেয় এবং তিন যুবলীগ কর্মীকে আটক করে।

শুক্রবার দুপুরে মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বাঙ্গরা থানার সারোয়ার (১৬) ও সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার সারোয়ার হোসেন রাকিব (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এই ঝটিকা মিছিলে অংশ নেন।

মিছিলটি মুরাদনগরের লাজৈর এলাকা থেকে শুরু হয়ে চান্দিনার তীরচরের দিকে এগোলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে; তবে বাকিরা পালিয়ে যান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবলীগ কর্মীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button