কুমিল্লায় শিক্ষকপুত্রের মরদেহ উদ্ধার: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম শাহরিয়ারের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কোটবাড়ি বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার দুপুরে পুলিশ লালমাই পাহাড়ঘেঁষা একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, আইফোনটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কিশোর অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

শনিবার দুপুরে কুমিল্লা কোটবাড়ি এলাকায় শোকার্ত পরিবারের পাশে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় সংসদ সদস্যকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে ড. নাহিদা বেগম বলেন, “আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই। আমি এই কুমিল্লায় চাকরি করতে আসছি, এটাই কি আমার অন্যায়? এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। আপনারা সবাই বলেন, ওকে ছাড়া আমি আমার জীবন পার করব কীভাবে?”

শিক্ষক ড. নাহিদা বেগমের এমন আহাজারিতে উপস্থিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও নিজের আবেগ ধরে রাখতে পারেননি এবং ডুকরে কেঁদে ওঠেন। পরবর্তীতে তিনি স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে সান্ত্বনা জানান।

Related Articles

Back to top button