ঝিনাইদহের শৈলকূপায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় পুকুরে ডুবে সুমন হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়নের আগুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের শমসের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পেছনের একটি বড় পুকুরে একাই গোসল করতে যায় সুমন। পুকুরে লাফ দেওয়ার সময় তার পা কাদায় আটকে যায়। একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর খালু খলিলুর রহমান বলেন, বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে সুমন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আগুনিয়াপাড়া গ্রামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button