সৌদি আরবে কারখানায় আগুনে নওগাঁর ১০ প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্ত

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৬ জন মারা গেছেন।


১০ আগস্ট (সোমবার) সকালে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন প্রবাসীর পরিচয় শনাক্ত করা গেছে।

নিহত প্রবাসীদের মধ্যে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭) রয়েছেন। বিশা গ্রামের আজহারের ছেলে সাগর (৩১) এবং মজনুর ছেলে মজিদুল (৩৪) এই আগুনে প্রাণ হারিয়েছেন। কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের বাসিন্দা গাফফফার প্রামাণিকের দুই ছেলে মহন প্রামানিক ও সুমন প্রামানিক, জান্নারের ছেলে রুবেল হোসেন (৩০) এবং ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫) নিহতদের তালিকায় আছেন। এছাড়া পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩৮) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩২) অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও স্বজনদের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তারা সৌদি আরবে গিয়ে রিয়াদের উক্ত সোফা কারখানায় কাজ করছিলেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কর্মরত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক জানান, নিহতদের স্বজনদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে এবং তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

Related Articles

Back to top button