পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬

জেলা প্রতিনিধি, পাবনা: পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্নস্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, রাতে অভিযান চালিয়ে ১৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় সুজানগর থানার উপ পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।
এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।



