১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাক্তন চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (১৪ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দলীয় কর্মসূচির কথা জানানো হয়।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মূল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

একই দিনে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও স্থানীয় পর্যায়ের কার্যালয়ে এবং মসজিদে সুবিধাজনক সময়ে মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজপথে এসে দলের নেতৃত্ব নেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকা রাখেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেত্রী।

Related Articles

Back to top button