নারীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও প্রসঙ্গে লিখিত বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম।
ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের অপচেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে এমপি জানান, ঢাকার মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার সিসিটিভি ফুটেজ ব্যবহার করে এই কুরুচিপূর্ণ ভিডিওটি তৈরি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ঘটনার দিন তিনি তার দুই স্ত্রী ও গাড়িচালককে নিয়ে শ্বশুরবাড়ির ব্যবসায়িক কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার গাড়িচালক ওবায়দুল্লাহ কৌশলে কিছু বহিরাগতকে ভেতরে ঢুকিয়ে তাদের হেনস্তা করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে চাঁদা না পেয়ে ওই সিসিটিভি ফুটেজ সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।
এমপি গাজী নজরুল ইসলাম পুরো ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি ঘটনার মূল পরিকল্পনাকারী গাড়িচালক ওবায়দুল্লাহসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




