সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।


শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী ‘ইউনিক পরিবহন’ এবং সিলেট থেকে ছেড়ে আসা ‘বেঙ্গল পরিবহন’-এর একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button