সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ, আলিম পরীক্ষার দিন সাড়ে ৮টা
মাদ্রাসা বোর্ডে কড়াকড়ি


দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে নিজ নিজ ডেস্কে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক অফিস আদেশে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান এই নির্দেশনা দিয়েছেন। এই আদেশ অমান্য করে কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস সময় শেষ হওয়ার আগে চলে গেলে কিংবা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ কর্মদিবসে সকাল ৯টার মধ্যে দপ্তরে উপস্থিত হতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার পূর্বে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
অফিস চলাকালীন কোনো দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হলে নিজ বিভাগের প্রধানের (যেমন—রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক বা প্রকাশনা নিয়ন্ত্রক) অনুমতি নিতে হবে।সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করেই কেবল অফিস ত্যাগ করা যাবে।
এই কঠোর নিয়ম ঢাকার প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসগুলোর জন্যও প্রযোজ্য হবে। আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে পূর্বানুমতি নিতে হবে।
বর্তমানে চলমান আলিম পরীক্ষা কেন্দ্র করে অফিস আদেশে বিশেষ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ দপ্তরে বাধ্যতামূলকভাবে উপস্থিত হতে হবে।
এছাড়া আলিম পরীক্ষা চলাকালে প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসন (সংস্থাপন) এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদ্রাসা বোর্ডের অফিস আদেশে স্পষ্ট করা হয়েছে যে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।



