মাদক কারবারির বাড়িতে ঢোকার আগে পুলিশের দেহ তল্লাশি, ব্যাখ্যা দিল পুলিশ

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টির ব্যাখ্যা দিয়েছে পুলিশ।


তারা জানিয়েছে, অভিযান নিয়ে কোনো প্রশ্ন যেন না ওঠে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রচলিত আইনি বিধি মেনে এই তল্লাশি চালানো হয়েছে।

গত ৪ আগস্ট কাজীপুর ইউনিয়নে পরিচালিত এক অভিযানে মাদক কারবারির বাড়িতে ঢোকার আগে একজন গণমাধ্যমকর্মীকে দিয়ে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করানো হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ রেজুলেশনস অব বেঙ্গল (পিআরবি)-এর ২৮০ বিধির ‘ডি’ উপবিধি অনুযায়ী তল্লাশির আগে পুলিশ কর্মকর্তা, সাক্ষী ও সংবাদদাতার দেহ তল্লাশির স্পষ্ট নিয়ম রয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ও জানান, নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওই সীমান্ত এলাকার পাঁচটি স্থানে পরিচালিত ঘণ্টাব্যাপী যৌথ অভিযানে ৫ কেজি গাঁজা, ২১ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ নারীসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গাংনী থানায় পৃথক পাঁচটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button