ছেলের বিয়েবাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা


নেত্রকোণার পূর্বধলায় ছেলের বিয়েতে প্রেমিকা এসে হাজির হওয়ায় এবং শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে মোহাম্মদ সুরুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সুরুজ মিয়ার ছেলে হেলাল মিয়ার (২২) বরযাত্রী কনের বাড়িতে পৌঁছানোর পর এক তরুণী আরেকজনকে সঙ্গে নিয়ে বরের বাড়িতে উপস্থিত হন। কুড়িগ্রামের বাসিন্দা ওই তরুণী নিজেকে বরের প্রেমিকা দাবি করেন এবং জানান যে, তাদের ১০-১১ মাসের সম্পর্ক রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে কনেপক্ষ বিয়ে বাতিল করে দেয় এবং বিয়ের খরচ বাবদ ৫০ হাজার টাকা নিয়ে বিষয়টির মীমাংসা করে।
বিয়ে পণ্ড হয়ে যাওয়ায় সুরুজ মিয়া তীব্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষয়টি মেনে নিতে না পেরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




