ঢাকার আদালতে নথি জালিয়াতি: আইনজীবী ও বাদীর বিরুদ্ধে মামলা, বাদী আটক


ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বিচারাধীন মামলার নথিতে সুকৌশলে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আদালতের ফাইল দেখার সুযোগ নিয়ে মামলার নালিশি দরখাস্ত এবং তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে অন্য একজনের নাম বসানোর অপরাধে মামলার বাদী মো. নূরে আলমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ওই মামলার শুনানির জন্য নথিটি আদালতে উঠলে মামলার বাদী মো. নূরে আলম নিজের প্রয়োজনে দেখার কথা বলে বেঞ্চ সহকারীর কাছ থেকে ফাইলটি নেন। পরবর্তীতে সন্ধ্যায় নথি গোছানোর সময় বেঞ্চ সহকারী দেখতে পান যে, নথির মূল নালিশি দরখাস্তে গুরুতর কাটাকাটি ও জালিয়াতি করা হয়েছে।
মামলার এজাহারে বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন উল্লেখ করেন, বিচারাধীন মামলার নালিশি দরখাস্তে টাইপ করা ২ নম্বর আসামি ‘জুনায়েত’-এর নাম-ঠিকানা পরিবর্তন করে হাতে লিখে ‘সজিব হোসেন ওরফে বাবু’ এবং তার পিতা ও ঠিকানার নাম বসানো হয়েছে। পরবর্তীতে নথি গভীরভাবে পর্যালোচনা করে দেখা যায়, শুধু মূল দরখাস্তই নয়; বরং নালিশি দরখাস্তের সত্যাयিত অনুলিপি এবং মামলার তদন্ত প্রতিবেদনেও একই কৌশলে আসামির নাম হাতে লিখে জালিয়াতি করা হয়েছে। অথচ নতুন করে জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা সজিব হোসেন ওরফে বাবুর বিরুদ্ধে আদালত এর আগে কোনো অপরাধ আমলে নেননি।
পরে বিষয়টি বিচারকের নজরে আনলে আদালতের নির্দেশ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), জারিকারক ও অফিস সহায়কগণের উপস্থিতিতে বাদী মো. নূরে আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নথি জালিয়াতির বিষয়টি স্বীকার করে বাদী নূরে আলম আদালতকে জানান যে, তিনি নিজে নথিতে কিছু না লিখলেও তার নিয়োজিত তৎকালীন আইনজীবী মো. মাহবুবুর রহমান খান এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন পরস্পর যোগসাজশে নথিতে আসামির নাম ও ঠিকানা পরিবর্তন করেছেন। আদালতের নথিপত্র কাটাকাটি ও ঘষামাজা করে প্রতারণার আশ্রয় নেওয়ায় তাৎক্ষণিকভাবে বাদীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আদালতের নথিপত্রে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের এই ঘটনা বিচার ব্যবস্থার ওপর সরাসরি এক বিরাট আঘাত। বিচারালয়ের মূল নথিপত্র যদি এভাবে টেম্পারিং করা হয়, তবে সাধারণ বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে আস্থা হারাবেন। এটা কোনোভাবেই বরদাশত করার মতো অপরাধ নয় এবং এ ঘটনায় রাষ্ট্রপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কোনো আইনজীবী বা যার সাথেই এর সংশ্লিষ্টতা প্রমাণিত হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে।
অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান বলেন, আইন পেশা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি আদালতের নথি জালিয়াতি বা কাটাকাটি করার মতো অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে ঢাকা আইনজীবী সমিতি তার কোনো ব্যক্তিগত দায়ভার নেবে না। অভিযোগের সত্যতা সাপেক্ষে তাকে শোকজ করা হবে এবং তদন্তে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সমিতির পক্ষ থেকে ও বাংলাদেশ বার কাউন্সিলের বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিষয়ে আদালত থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই মামলার মূল নালিশি দরখাস্ত, অনুলিপি, তদন্ত প্রতিবেদন এবং পূর্ববর্তী আদেশনামায় কাটাকাটি করে আসামি পরিবর্তনের এই অপকর্মে বাদী ও আইনজীবীর পাশাপাশি আরও কারও সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই বিষয়টির সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করে অভিযুক্ত বাদীকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।




