সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে


দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ষোলশহর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম সমবায় বিভাগ আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সমবায়ভিত্তিক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যা সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি, বিশেষ করে নিজস্ব ছাদ কিংবা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠান শেষে সফল সমবায়ীদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।




