বিজিবির হস্তক্ষেপে কহুয়া নদীর বাঁধের কাজ স্থগিত করল ভারত

ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে সিসি ব্লক স্থাপনের কাজ বন্ধ রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আপত্তি জানানোর পর তা স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশের অংশে বাঁধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় নদীর বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেন তাঁরা।

এর আগে গত শুক্রবার কহুয়া নদীর ভারতীয় অংশে বাঁধে সিসি ব্লক স্থাপনের কাজ শুরু হলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দেয়। স্থানীয়দের আশঙ্কা ছিল, ভারতীয় অংশে যথাযথ প্রস্তুতি ছাড়া ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ বড় ধরনের ভাঙনের মুখে পড়তে পারে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী কাজ শুরুর আগে বিজিবিকে অবহিত করার কথা থাকলেও তা করা হয়নি। বিষয়টি জানার পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে কাজ স্থগিত রাখতে বলা হয়েছে, এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

পরিদর্শনকালে পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভারতীয় অংশে বাঁধ সুরক্ষায় কাজ করা হলেও তাতে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি অধিনায়কের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, বাংলাদেশের অংশ ভাঙন থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নদীর এপারে বাঁধ সুরক্ষায় প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা চলছে।

Related Articles

Back to top button