নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অবশেষে নিজের নাকের অস্ত্রোপচারের (নোজ জব) বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। এই বিষয়ে আর কোনো রাখঢাক না রেখে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। কেবল নিজের রূপচর্চা বা প্লাস্টিক সার্জারি নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে তাঁর প্রয়াত মা ও কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সম্মতি এবং পরিবারের প্রভাব নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।

মজার ছলে জাহ্নবী জানান, নিজের নাকের অস্ত্রোপচার করার পরই নাকি তাঁর মধ্যে অভিনেত্রী হওয়ার প্রকৃত সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন তাঁর মা শ্রীদেবী। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। তবে মেয়ের ডেবিউ দেখে যেতে পারেননি শ্রীদেবী; ছবি মুক্তির মাত্র কয়েক মাস আগেই দুবাইয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর।

সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শুরু থেকেই মেয়ের অভিনয়জগতে আসার বিষয়ে খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাননি মেয়ে তাঁর মতো গ্ল্যামার ও কষ্টের এই পেশায় আসুক। তবে পরবর্তীতে মেয়ের জেদের কাছে নতিস্বীকার করেন তিনি। জাহ্নবীর ভাষ্যমতে, যখন তিনি প্রথম মাকে অভিনয়ে আসার ইচ্ছার কথা জানান, তখন শ্রীদেবী অবাক হয়ে বলেছিলেন যে, এই পথে সফল হতে হলে নিজের পুরো জীবনটাই উৎসর্গ করে দিতে হবে।

মায়ের সেই প্রতিক্রিয়ার স্মৃতিচারণ করতে গিয়েই কৌতুক করে জাহ্নবী বলেন, প্রথমে মা দ্বিধায় থাকলেও নাকের অস্ত্রোপচারের পর হয়তো ভেবেছিলেন যে মেয়ের মধ্যে সত্যিই নায়িকা হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে।

জাহ্নবী আরও জানান, সৌন্দর্যচর্চা ও কসমেটিক সার্জারির বিষয়গুলো তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গেই গভীরভাবে জড়িয়ে রয়েছে। কারণ তাঁর মা শ্রীদেবী নিজেও একসময় নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন, যা তাঁদের পরিবারের জীবনধারায় বড় পরিবর্তন এনেছিল। নিজের রূপ ও সৌন্দর্য নিয়ে দৃষ্টিভঙ্গি গঠনেও মায়ের ব্যাপক প্রভাব ছিল বলে জানান এই অভিনেত্রী।

Related Articles

Back to top button