বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বসছে। নির্ধারিত এই অধিবেশনে সম্প্রতি জারি করা তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন করা হবে।
গত ১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হওয়ার পর ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চতুর্থ অধিবেশন আহ্বান করেন।
চলতি অধিবেশনে উত্থাপন করা তিনটি অধ্যাদেশ হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের বিরতিকালীন সময়ে সরকার কর্তৃক এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।
এর আগে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কার্য উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
আইন প্রণয়ন ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে জানা গেছে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য ১৭৪টি এবং বিভিন্ন মন্ত্রীদের উদ্দেশ্যে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে মোট প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এছাড়া সংসদীয় কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।




